সারা বাংলা

হামের প্রকোপ বাড়ছে কুমিল্লায়, তিনজনের মৃত্যু 

কুমিল্লায় বাড়ছে হামের প্রকোপ। এরইমধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কুমিল্লার হাম আক্রান্ত তিন শিশু। বর্তমানে এ জেলার বিভিন্ন হাসপাতালে ২১ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত শিশুদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের অভিভাবকদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেছেন, এখানে যারা হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে, তাদেরকে বিশেষায়িত সেবা দেওয়ার জন্য আলাদা একটি ওয়ার্ড গঠন করা হয়েছে। মার্চের ১৮ তারিখ থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে ২৫ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে আটজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। দুজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকি ১৫ জন চিকিৎসাধীন আছেন।