সারা বাংলা

নীলফামারীতে গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ-জলঢাকা মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি করা হয়েছে। 

রবিবার (২৯ মার্চ) মধ্যরাতে ডিমলা থানাধীন দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় এসব ডাকাতি সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার এসআই পরিতোষ রায়।

রবিবার (২৯ মার্চ) বিকেলে ডাকাতির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাতের আঁধারে মহাসড়ক দিয়ে চলাচলকারী শতাধিক ট্রাক ও মাইক্রোবাসের গতিরোধ করে চালক ও যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে অন্তত ৩৫টি মোবাইল ফোন এবং নগদ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে ডাকাতরা। এ সময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও কয়েকজনকে মারধর করে তারা।

ডাকাতির শিকার হওয়া গাড়ির চালকরা জানিয়েছেন, ২০ জনের বেশি ডাকাত অস্ত্র দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। যারা গাড়ির জানালা খুলতে দেরি করেছে তাদের অনেকের গ্লাস ভেঙে যাত্রী ও ড্রাইভারদের মারধর করেছে। স্থানীয়রা খবর পেয়ে সেখানে গেলে ডাকতরা পালিয়ে যায়।

ডিমলা থানার এসআই পরিতোষ জানিয়েছেন, ভুক্তভোগীরা ডিমলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।