সারা বাংলা

হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ্য সহ-সভাপতি। তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি আছেন। 

গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তাকে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। 

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। তিনি আরো পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে। 

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, এ মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি। 

গত ৯ মে ভোরে আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।