চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বি।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কের নওরীন ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমান এবং আলিমপাড়ার পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট ইমরান ট্রেডার্সের মালিক মো. মঞ্জুর হোসেন তালুকদারকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বি বলেছেন, “তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”