সারা বাংলা

নাটোরে ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত

নাটোরে একাধিক শিশুর শরীরে হাম (Measles) শনাক্ত হওয়ার ঘটনায় জেলায় উদ্বেগ তৈরি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বর্তমানে ছয়জন নাটোর সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে এ তথ্য জানান নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া।

নাটোর সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মার্চ মাসের প্রথম দিক থেকেই হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ১৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়। আক্রান্তদের মধ্যে সাতজন ইতোমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। 

হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শিশুদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা সালমা খাতুন বলেন, “গত দুই দিন ধরে আমার শিশুর জ্বর ও সর্দি আছে। ওষুধ খাওয়ানোর পরও জ্বর কমছে না, শিশুটি কিছুই খেতে পারছে না। তাই বাধ্য হয়ে হাসপাতালে এনেছি।”

সুফিয়া বেগম নামে আরেক রোগীর স্বজন বলেন, ‍“গত রাত থেকে আমার তিন বছর বয়সী নাতনির জ্বর ও সর্দি শুরু হয়েছে। নাপা সিরাপ খাওয়ানোর পরও উপশম না হওয়ায় সকালে হাসপাতালে নিয়ে আসি। চারদিকে হামের কথা শুনে আমরা খুব চিন্তিত।”

নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, “দেশের বিভিন্ন জেলায় বর্তমানে হাম ছড়িয়ে পড়ছে। ফলে স্বাস্থ্য বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে। নাটোরে ৩৮ জন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে এলেও পরীক্ষায় ১৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। চিকিৎসাধীন ছয় শিশু বর্তমানে শঙ্কামুক্ত। আমরা আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে।”

তিনি জানান, রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে।