সারা বাংলা

রাঙামাটিতে জ্বালানি সংকটে স্পিডবোট চলাচল বন্ধ

রাঙামাটিতে জ্বালানি তেলের সংকটে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস বন্ধ হয়ে গেছে।  যাত্রীবাহী লঞ্চ চলাচল যে কোনো সময় বন্ধ হতে পারে। রাঙামাটি দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় মানুষ চলাচলের জন্য নৌযানের ওপর নির্ভর করে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে জ্বালানি তেলের সংকটে রাঙামাটির সঙ্গে লংগদু, বাঘাইছড়ি রুটের যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। অকটেন না পাওয়া বোট চলাচল বন্ধের কথা জানান চালকেরা।

এই বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, স্পিডবোটের জন্য তেলের ব্যবস্থা করা না গেলেও লঞ্চের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডিজেল সংকটে কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। রাঙামাটি জেলায় ১০টি রুটে কমপক্ষে ৩০টি লঞ্চ চলাচল করে। এতে দৈনিক ১২০০ থেকে ১৫০০ লিটার ডিজেলের প্রয়োজন হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম বলেন, যে ডিজেল আছে, তা দিয়ে আজ (মঙ্গলবার) ৫টি উপজেলার বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করছে। যদি জ্বালানি না পাই তাহলে বুধবার (১ এপ্রিল) থেকে উপজেলাগুলোর সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবে। 

বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।