কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ তথ্য জানান। তিনি জানান, রবিবার (২৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/৪১ এলাকায় এক ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুদ করে রেখেছে। এ তথ্যে র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সৈকত হোসেন বুলু (৪০) নামে এক ব্যক্তির সেমিপাকা টিনশেড ঘরে তল্লাশি চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান।
তিনি আরো জানান, পরে তার ঘরের শয়নকক্ষের ছাদের সিলিংয়ে বিশেষভাবে তৈরি মাচা থেকে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে, একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলের ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।
সৈকত হোসেন বুলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।