সারা বাংলা

তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। 

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর ওয়াডেল গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত উজ্জল কালাইয়া ইউনিয়নের অজিত কর্মকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কৃষক ফিরোজ গাজী জমিতে তরমুজ চাষ করেন। শুরু থেকেই ওই জমি নিজের বলে দাবি করেন নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মিজানুর নামের এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে ফিরোজ গাজী ক্ষেত থেকে তরমুজ কাটা শুরু করলে মিজানুর ৮ থেকে ১০ জন লোক নিয়ে তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুরুতর আহত হয় মিজানুর, তার সঙ্গী উজ্জল, শামীম ও প্রতিপক্ষের ফিরোজ। পরে ট্রলারে করে রাত ৮টার দিকে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”