ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৪ জন শিশু। গত দুই সপ্তাহে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হাম ডেডিকেটেড ইউনিটের ফোকাল পার্সন ডা. গোলাম মাওলা এ তথ্য জানান।
হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই সপ্তাহে অস্বাভাবিক হারে বেড়েছে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। হঠাৎ করে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসকদের। তবে, তারা সাধ্য মতো প্রতিটি রোগীকে চিকিৎসা দিতে চেষ্টা করছেন।
হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা জানান, হাম ছোঁয়াচে রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।