সারা বাংলা

শরীয়তপুরে রাতে অবৈধভাবে আনা ৭ হাজার লিটার ডিজেল জব্দ

শরীয়তপুরের নড়িয়াতে রাতের বেলায় অবৈধভাবে আনা সাত হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ভোজেশ্বর বাজার থেকে ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় জুয়েল সরদার নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ভোজেশ্বর বাজারে জুয়েল সরদার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে ডিজেল বিক্রি করেনে। মঙ্গলবার রাতে তিনি অবৈধভাবে সাত হাজার লিটার ডিজেল লরির মাধ্যমে নিয়ে আসেন যা বরিশালের ডিপো থেকে ঝালকাঠিতে পাঠানো হয়েছিল। বিষয়টি প্রশাসনকে জানায় জাতীয় গোয়েন্দা সংস্থা। খবর পেয়ে ঘটনাস্থলে যান নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। 

জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, “বরিশাল ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো সাত হাজার লিটার ডিজেল অবৈধভাবে লরিতে করে আনা হচ্ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিজেল আনা জুয়েল সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল বুধবার (১ এপ্রিল) নিলাম করা হবে।”