সারা বাংলা

খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল

লক্ষ্মীপুরের রামগতিতে একটি খালে ডিজেল ভর্তি ৮টি প্লাস্টিকের ড্রাম পড়ে ছিল। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ড্রামগুলো জব্দ করে। তবে, সেগুলোর মালিকের সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রামগতি থানা পুলিশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া গ্রামের মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশের খালের মধ্যে থেকে পরিত্যক্ত ৮টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে। প্রতি ড্রামে ১৭০ লিটার করে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ছিল। যার বাজারমূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। কিছু অসাধু ব্যবসায়ী ডিজেলগুলো অবৈধভাবে ভোলা থেকে এনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশে ওই স্থানে মজুত করে রেখেছিল।”