সারা বাংলা

বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের অনশন

সাধারণত দেখা যায়, প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আসেন। অনেক সময় তাদের অনশন করতেও দেখা যায়। তবে মাদারীপুরে ঘটেছে উল্টো এক ব্যতিক্রমী ঘটনা। তরুণ প্রেমিক প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসের সৃষ্টি করেছে।

জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার আলিসাকান্দি গ্রামে প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতি ও তাকে ফিরে পাওয়ার দাবিতে অনশন শুরু করেছেন বিশ্বজিৎ বাড়ৈ (২৮)। তিনি ওই উপজেলার নবগ্রামের বিপ্রদাশ পাত্রের ছেলে।

বুধবার (১ এপ্রিল) সরেজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে প্রেমিকা অনুশীলা বাড়ৈর (২৩) বাড়ির সামনে অনশনে বসেন বিশ্বজিৎ। তার দাবি, অনুশীলার সঙ্গে তার দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এবং চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেছেন।

বিশ্বজিৎ বলেন, “আমার সঙ্গে অনুশীলার ১০ বছরের সম্পর্ক। তার নার্সিং পড়াশোনার জন্য আমি প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করেছি। আমরা দীর্ঘদিন ঢাকায় একসঙ্গে ভাড়া বাসায় থেকেছি। বিষয়টি দুই পরিবারসহ গ্রামের অনেকেই জানেন। সম্প্রতি সে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পাওয়ার পর থেকে আমার সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমি বিয়ের স্বীকৃতির দাবিতে তার বাড়ির সামনে অনশনে বসেছি।’’

সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানান বিশ্বজিৎ।

অন্যদিকে অনুশীলা বাড়ৈ বলেন, “তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। তবে আমাকে জোর করে কোর্ট ম্যারেজে সই করানো হয়েছে। আমি এক সপ্তাহ আগে তাকে তালাক দিয়েছি। তার সঙ্গে আমি সংসার করতে চাই না।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের সম্পর্কের জেরে তারা পারস্পরিক সম্মতিতে গোপনে বিয়ে করেছিলেন বলে তারা শুনেছেন। সমঝোতার মাধ্যমে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। 

এ প্রসঙ্গে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”