চাঁদপুরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান খুলে মাথার ওপর পড়ায় এশা সূত্রধর (১৬) নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১ এপ্রিল) বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন কবির।
জানা যায়, এসএসসি পরীক্ষার প্রস্তুতিস্বরূপ স্কুলে মডেল টেস্ট পরীক্ষা চলছিল। এশা সূত্রধর বিদ্যালয়ের ৩০৬ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষার হলে ৪২ জন নারী শিক্ষার্থী ছিল। হঠাৎ করেই সিলিং ফ্যান খুলে এশার মাথায় পড়ে। এতে এশা আহত হন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এশা চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার খোকন সূত্রধরের মেয়ে। ঘটনার পরপরই শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজল জানান, সিলিং ফ্যানটি সরাসরি এশার মাথায় পড়ায় তার কপালে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এশা বলেন, ‘‘পরীক্ষা চলাকালীন কিছু বুঝে ওঠার আগেই মাথার ওপর ফ্যানটি ছিঁড়ে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেও আমি মাথায় আঘাত পেয়েছি। আমার অনেক ভয় করছে।’’
এশার বাবা খোকনের অভিযোগ, বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত বিদ্যালয়ের প্রতিটি কক্ষের ফ্যান ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন কবির বলেন, ঘটনার পরপরই ওই কক্ষের ফ্যানসহ পুরো বিদ্যালয়ের সিলিং ফ্যান পরীক্ষা করার উদ্যোগ নিয়েছি। এটি একটি দুর্ঘটনা। আহত শিক্ষার্থীর চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
ভবন ও কক্ষ সংকটের কারণে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।