সারা বাংলা

উদ্ধারের পর ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ সাপ বনে অবমুক্ত

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ সাপ উদ্ধারের পর সংরক্ষিত বনে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের নাচনাপাড়া এলাকার ইয়াকুব খানের বাড়ি থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। পরে একই এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, “স্থানীয়রা জালে পেঁচানো অবস্থায় সাপটি দেখে আতঙ্কিত হয়ে ৯৯৯ নম্বরে কল করেন। বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার টিমকে জানায়। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় সাপটি উদ্ধারের পর বনে অবমুক্ত করি।”

তিনি আরো বলেন, “হালকা বাদামি বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ এবং কৃষকের বন্ধু হিসেবে পরিচিত। এরা মূলত ইঁদুর খেয়ে কৃষকের ফসল রক্ষা করে। অনেকে বিষাক্ত গোখরা ভেবে সাপটি মেরে ফেলার চেষ্টা করে। আসলে দাঁড়াশ সাপ কখনো মানুষের ক্ষতি করে না।”