সারা বাংলা

কক্সবাজারে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

কক্সবাজারে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে কক্সবাজার সদর হাসপাতালের ডেডিকেটেড হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ জনে।

মৃত শিশুর নাম হিরা মনি। বয়স ৭ মাস। সে মহেশখালী উপজেলার বাসিন্দা সরওয়ার আলমের মেয়ে। গত ৩০ মার্চ তাকে কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও মুখে ঘা নিয়ে ভর্তি ছিল। খেতে না পারায় তাকে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।”

এর আগে, একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে, সদর হাসপাতালে ভর্তি ৩৫ শিশু, কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩ শিশু।

কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, “সাম্প্রতিক সময়ে জেলায় হামের সংক্রমণ বেশি দেখা দিচ্ছে। মহেশখালী, হোয়াইক্যং, রামুর মিঠাছড়ি, শহরের কালুর দোকান, পাহাড়তলি ও রুমালিয়ারছড়া এলাকায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।”

তিনি আরো বলেন, “শিশুকে হামের টিকা ৯ ও ১৫ মাস বয়সে দুই দফায় দেওয়া হয়। জেলায় পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। পাশাপাশি ঘরে ঘরে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।”