সারা বাংলা

সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

‘অযৌক্তিক’ জরিমানা ও বিভিন্ন ধরনের হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগজুড়ে শুরু হওয়া পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের কথা জানান বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ।

তিনি বলেন, ‍“প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাসে আমাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্ত থেকে সিলেটের সব পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।”

সিলেটের ডিসি মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।