জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান বলেছেন, ‘‘রাজস্ব আদায়ে কোনোভাবেই অনিয়ম মেনে নেওয়া হবে না। আমরা শুধু নেব না, রাজস্ব আদায়ে একটা ন্যায্যতা নিশ্চিত করতে হবে।’’
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাজেট বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান কর সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ‘‘অনেকের সঙ্গে যোগসাজসে ভুয়া লাইসেন্স দিয়ে অনেকে ব্যবসা করছে, রাজস্ব ফাঁকি দিচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই এ সব অনিয়ম মেনে নেওয়া হবে না। কোনো ঝামেলা তৈরি করা যাবে না। পারলে পুরাতন ঝামেলা মেটাতে হবে।’’
তিনি আরো বলেন, এনবিআর সবার জন্য, জনকল্যাণে কাজ করবে। সবাই মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, দেশে করদাতার সংখ্যা বাড়ছে। আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া রাজস্ব বাড়াতে নতুন নতুন ক্ষেত্র খোঁজা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এক শ্রেণির সরকারি কর্মকর্তাদের সমালোচনা করে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, অনেকেই ছোটখাটো বিষয়ে বিদেশে প্রশিক্ষণ নিতে যান কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছুই শিখতে পারেন না। শুধু বেড়ানো আর কেনাকাটা করেন। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের অপচয় ও যথেচ্ছা ব্যবহার হয়, অন্যদিকে মূল উদ্দেশ্যও সাধিত হয় না। পরবর্তী জেনারেশনের ওপর ঋণের বোঝা না চাপিয়ে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সচেতন হয়ে অপচয় ও অপব্যয় রোধ করে শুধু প্রয়োজনীয় অর্থ ব্যয়ের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের শতভাগ করের আওতায় এনে বদনাম থেকে বেরিয়ে আসারও আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক নীতি) মো. আজিজুর রহমান, রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মো. মুবিনুল কবীর, রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব ও খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক।