হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, বুধবার রাত ৯টার দিকে উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটির চারটি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। লাইনচ্যুত ওয়াগন সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে করার পর বৃহস্পতিবার বিকেল ৪টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে এসব তথ্য নিশ্চিত করেছেন।