সারা বাংলা

চাঁদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে ৬ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন শিক্ষক

চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় কিছু শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে কলেজে অবরুদ্ধ করে রাখেন এবং স্লোগান দিয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরবর্তীতে রাত প্রায় ১২টার দিকে পুলিশ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমঝোতা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, অকৃতকার্য শিক্ষার্থীরা পুনরায় টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে ফরম পূরণের সুযোগ পাবে। এ সিদ্ধান্তের পর পরিস্থিতি শান্ত হয় এবং অবরুদ্ধ শিক্ষকরা মুক্ত হন।