কক্সবাজার শহর ও টেকনাফ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজকর্মী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী মহেশখালী উপজেলার কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার ইসহাক আহমদ (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীও ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহত দুজনকে চাপা দেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানিয়েছেন, কক্সবাজারে বেড়াতে আসা দুই পর্যটক ভাড়ায় নেওয়া মোটরসাইকেলযোগে টেকনাফ যাচ্ছিলেন। পথে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর আরোহীরা পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. শহীদুল আলম জানিয়েছেন, পৃথক সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।