কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই একটি ট্রলার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে কুতুবদিয়ার লেমশীখালি এলাকার অদূরে ভোলা খালের কাছাকাছি উপকূলীয় এলাকায় এ অভিযান চালানো হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুতুবদিয়া এলাকায় একটি চক্র মিয়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে মোতায়েন করা নৌবাহিনীর একটি টহল দল নজরদারি জোরদার করে। পরে টহল দল লেমশীখালি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের নিকটবর্তী তীরে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নোঙর করা অবস্থায় শনাক্ত করে। ট্রলারটিতে কোনো মাঝিমাল্লা না থাকায়, সেটি সন্দেহজনক মনে হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে ৪৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। জব্দ করা ট্রলার ও সিমেন্ট কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।