পাগলা কুকুরের আক্রমণে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার পর থেকে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে একটি কুকুর একের পর এক মানুষকে আক্রমণ করে বলে জানিয়েছেন এলাকাবাসী।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫০ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি কুকুর বাজার এলাকায় ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদের কামড়াতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে। এসময় কুকুরের কামড়ে আহত অনেকের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে আহতরা দ্রুত হাসপাতালে যেতে শুরু করেন। অনেকেই জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, রাতে মাত্র এক ঘণ্টায় প্রায় ৫০ জন কুকুরের কামড়ে আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতরদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, “আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ভ্যাকসিন শেষ হয়ে যায়। অনেকেই বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনেন। একসঙ্গে এত সংখ্যক কুকুরে কামড়ানো রোগী আগে কখনো আসেনি।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসার সব ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।