চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসার পরপরই তার মৃত্যু হয়। মৃত শিশুটি সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈয়মুর রহমানের মেয়ে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমালী খাতুন জানান, সকাল ৯টার দিকে শিশুটিকে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জরুরি বিভাগে আনা হয়। তার অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে শিশু ওয়ার্ডে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু, শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ওয়ার্ডে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়।
জেলায় হামের প্রাদুর্ভাব চলমান থাকলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং একই সময়ে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলা হাসপাতালে ৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, গত দুই দিন ধরে নতুন রোগী ভর্তি কমেছে এবং সুস্থতার হার বাড়ায় সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা উন্নতি লক্ষ করা যাচ্ছে।