কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের ২৪ দিন পর এক তরুণের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া মাধাই নগর অংড়াইল হাওরের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবীর হোসেন (২০) উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া উত্তর পাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।
এ ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নিহতের বাবা বাদী হয়ে আবীরের বন্ধু মাহমুদুল (২০), তার স্ত্রী খেয়া আক্তারসহ (১৮) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিকলী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে মাহমুদুল হাসানের সঙ্গে রাজশাহীর বাঘমারা উপজেলার আ. রসীদের মেয়ে খেয়া আক্তারের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বছরের ১৭ নভেম্বর খেয়াকে নিকলী নিয়ে আসেন মাহমুদুল এবং ১৯ নভেম্বর তাদের বিয়ে হয়। মাহমুদুল-আবীর বন্ধু হওয়ায় আবীরের সঙ্গে খেয়ার কথাবার্তা চলত। একপর্যায়ে আবীর ও খেয়ার মধ্যে মোবাইলে আপত্তিকর ছবি আদান-প্রদান হয়। বিষয়টি জানার পর মাহমুদুল আবীরকে হুমকি দেন। এর দুই দিন পর থেকে নিখোঁজ হন আবীর।
নিকলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “গত ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন আবীর। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে ১৩ মার্চ তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। বৃহস্পতিবার রাতে কয়েকজন কৃষক ভুট্টাক্ষেতে একটি গলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আবীরের পরিবারকে লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়। আবীরের বাবা কাপড় দেখে লাশটি তার ছেলের বলে শনাক্ত করেন।”
তিনি আরো বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা মামলা দায়েরের পরই মাহমুদুল ও তার স্ত্রী খেয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের শুক্রবার আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে।”