নীলফামারীতে রেললাইন ক্ষতিগ্রস্ত থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা। স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় ট্রেনটি থামানো সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে জেলার পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলা রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, রেলপথের একটি অংশ কাটা ছিল। বিষয়টি বুঝতে পেরে তারা দলবদ্ধভাবে রেললাইনের ওপর লাল কাপড়, লাল বাতি ও টর্চলাইট ব্যবহার করে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করেন। পরে চালক ট্রেনটি থামিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী নাজমুল মিয়া বলেন, “আমরা কয়েকজন মিলে দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
রেলওয়ে সূত্র জানায়, রাত ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি ডোমার স্টেশন পার হয়ে নীলফামারীর দিকে যাচ্ছিল। ক্ষতিগ্রস্ত স্থানটি নীলফামারী রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে।
খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশটি সাময়িকভাবে মেরামত করেন। এরপর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোমিনুর রহমান বলেন, “অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইনে ফাটল তৈরি হতে পারে। তবে স্থানীয়দের একটি অংশের ধারণা, রেলপথটি ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হতে পারে।”
এ ঘটনায় প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।