সারা বাংলা

বরগুনায় হামের উপসর্গে ৯ শিশু হাসপাতালে, শুরু হয়েছে টিকাদান 

বরগুনায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে এ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তাহ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে হাসপাতালে ৩৫ জন শিশু ভর্তি রয়েছে।

বরগুনা পৌর শহরে পাঁচটি স্থানে ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৫টি স্থানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। 

সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তাহ বলেন, “টিকাদানের কার্যক্রমের বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সব শিশু টিকা গ্রহণ করলে এবং স্বাস্থ্যবিধির বিষয়ে অভিভাবকরা সচেতন থাকলে দ্রুত সময়ের মধ্যে হাম থেকে প্রতিকার পাওয়া সম্ভব হবে।” 

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ৯ জন শিশু বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এই জেলার তিন শিশুর দুইজন ঢাকায় এবং একজন বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।