সারা বাংলা

ট্যাংকলরির ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশায় ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর (৩০) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সঞ্জয় পাবনার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকার ডিপোতে তেল নিতে যাচ্ছিল পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলরি। একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে একই পথে যাচ্ছিল। যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে অটোরিকশাটি থেমে গেলে পেছন থেকে ট্যাংকলরি সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সঞ্জয় ও রিপন বেপারি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় মারা যান।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।