সারা বাংলা

তেলের আশায় রাত্রিযাপন সড়কে

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে তেলের আশায় রাতভর অপেক্ষা করছেন শত শত মোটরসাইকেল চালক। সীমিত সরবরাহের কারণে পাম্প এলাকায় উপচে পড়া ভিড় সামলাতে অনেক বাইকার সড়কের পাশেই রাত্রিযাপন করেছেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, পাম্প এলাকায় শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইন। এসব মোটরসাইকেলের অনেক চলাক রবিবার সন্ধ্যার পর থেকেই লাইনে অবস্থান করেছেন। অনেকেই সড়কের ওপর বিছানা করে রাত কাটিয়েছেন।

পাম্পের কর্মচারীরা জানান, প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। সরবরাহ সীমিত থাকায় তেল পেতে আগেভাগেই লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। ফলে দূর-দূরান্ত থেকে আসা বাইকারদের ভোগান্তি বাড়ছে।

তেলের জন্য সিরিয়ালে দাঁড়ানো মোটরসাইকেল

মোটরসাইকেল চালক সবুজ মিয়া বলেন, “রবিবার সন্ধ্যা থেকে লাইনে আছি। রাতটা এখানেই কাটাতে হয়েছে। তেল না পেলে কাজে যেতে পারব না, তাই বাধ্য হয়েই অপেক্ষা করেছি।”

মোটরসাইকেল চালক মিজানুর রহমান বলেন, “এত সময় অপেক্ষা করে মাত্র ৩০০ টাকার তেল পাওয়া খুবই কষ্টকর। অন্তত ৫০০ টাকার তেল দিলে আমাদের জন্য সুবিধা হত।”

রাব্বি, রাজু ও সোহেলসহ আরো কয়েকজন জানান, দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় লাইনে পর্যাপ্ত তেল মিলছে না। ফলে সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “আজ সকাল থেকে হিলি ফিলিং স্টেশন থেকে সুশৃঙ্খলভাবে তেল বিক্রয় করা হচ্ছে। আজকে ৩ হাজার লিটার পেট্রোল দেওয়া হবে।”