ঝিনাইদহের কোটচাঁদপুরে কেক তৈরীর কারখানায় জেনারেটরের ফিতায় ওড়না জড়িয়ে শিরিনা খাতুন (৩০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কোটচাঁদপুর উপজেলার বনবিভাগ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরিনা খাতুন ওই এলাকার রমজান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, শিরিনা খাতুন প্রতিদিন কেক ফ্যাক্টরির মালিক আব্দুস সালামের মেয়ে মিম ও ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন শিক্ষার্থীর জন্য টিফিন নিয়ে যেতেন। সোমবার দুপুরে তিনি টিফিন নিতে ফ্যাক্টরির ভেতরে ঢোকেন। এ সময় জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় অসাবধনতাবশত তার ওড়না জড়িয়ে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ফ্যাক্টরির মালিক ও স্থানীয়রা দ্রুত শিরিনা খাতুনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।