সারা বাংলা

ঝড়ে ভেঙে পড়ল দোকানঘর, বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে আকস্মিক কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছে এক বৃদ্ধের জীবন। রাতে দোকানঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় চালা ধসে পড়ে তার ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিরাজুল ইসলাম (৭২) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুনরা গ্রামের গাজী রহমানের ছেলে।

জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ছেলে শাহিনের সঙ্গে শ্রীপুরে বাস করছিলেন সিরাজুল ইসলাম। তারা দুজনেই বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরির কাজ করতেন। কাজের সুবিধার্থে দোকানঘরেই রাতযাপন করতেন সিরাজুল ইসলাম।

সোমবার রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে বাঁশের তৈরি ঘরের চালা দুর্বল হয়ে পড়ে এবং একপর্যায়ে সেটি ধসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় চালার নিচে চাপা পড়েন সিরাজুল ইসলাম।

পরদিন সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে চালার নিচে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে শাহিন জানান, প্রায় দেড় বছর আগে সিরাজুল ইসলাম তার সঙ্গে কাজ করার উদ্দেশ্যে শ্রীপুরে আসেন। সোমবার রাতে তিনি দোকানেই ঘুমাচ্ছিলেন। সকালে স্থানীয়দের মাধ্যমে বাবার মৃত্যুর খবর পান শাহিন।

সিরাজুল ইসলামের মরদেহ দাফনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক সঞ্চয় সাহা জানিয়েছেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।