সারা বাংলা

বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিএনপির চার শীর্ষ নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে আব্দুল্লাহ আল মামুনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম এ তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং  আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অশালীন ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি ফেসবুকে প্রচার করেন মামুন।

এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে কুলসুম ও যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশ মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করেছে। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, আব্দুল্লাহ আল মামুনকে আদালতে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন নেতাদের সমালোচনা করে পোস্ট দিয়েছেন। তিনি তাদের কর্মকাণ্ড নিয়ে মতবিরোধ থেকে এভাবে পোস্ট দেন।