কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানার বড়ইতলী-সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত দিলে মাঝি পানিতে লাফ দিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যান। পরে নৌকা তল্লাশি করে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।