সারা বাংলা

মেয়র পদে নির্বাচন করতে পৌরসভার চাকরি ছাড়লেন জসিম

আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার স্টোরকিপার মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৭ এপ্রিল) খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

জসিম উদ্দিন খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সালে খোকসা পৌরসভায় স্টোরকিপার পদে যোগ করেন। দীর্ঘ ১৯ বছর দায়িত্ব পালন শেষে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হতে এবং জনসেবা করতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

জসিম উদ্দিন বলেন, ‍“ছাত্রজীবন থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। খোকসা পৌর ছাত্রদল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজপথে থেকে দায়িত্ব পালন করেছি। চাকরিতে বহাল থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে এলাকার মানুষের অধিকার আদায় ও খোকসা পৌরসভাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”

দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি বলেন, “দলে অনেক যোগ্য প্রার্থী আছেন, আমিও মনোনয়ন চাইব। দল মনোনয়ন দিলে ভালো। যদি দল থেকে অন্য সিদ্ধান্ত আসে, তবুও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকব এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।”

খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, “বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল। এ দলে অনেক নেতাকর্মী রয়েছে। তাই যে কোনো নেতাই মনোনয়ন চাইতে পারেন। দল বিচার বিবেচনা করে দলীয় মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “মো. জসিম উদ্দিন অব্যাহতিপত্র জমা দিয়েছেন এবং আমরা তা গ্রহণ করেছি। বিধি মোতাবেক পদত্যাগপত্রটি জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”