কুষ্টিয়ার কুমারখালীতে একটি ইটভাটায় ভাঙচুর ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে অবস্থিত এনএসবি ইটভাটায় ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১০টার দিকে মোবাইলে এ তথ্য জানিয়েছেন ইটভাটার মালিক আনোয়ার হোসেন আসাদ।
ইটভাটার মালিক আসাদ বলেন, “আমি ভাটায় ছিলাম না। ম্যানেজার ফোনে জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৭-৮ জন ব্যক্তি ইটভাটায় এসে আমার খোঁজ করেন। না পেয়ে ঘরের জানালা, সিসিটিভি ক্যামেরা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা ফাঁকা গুলিবর্ষণ করেছ। বিষয়টি পুলিশকে জানিয়েছি। ভয়ে এখনো লিখিত অভিযোগ করিনি।”
তিনি বলেন, “বৃহস্পতিবার (৯ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ করব। ধারণা করছি, চাঁদা না পেয়ে হয়তো দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।”
এনএসবি ইটভাটার ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, “আকাশে মেঘ ছিল। কাঁচা ইট ঢাকছিলাম। তখন পদ্মা নদীর দিক থেকে ৭ থেকে ৮ জন ভাটায় আসে। তারা ভাটার মালিক আসাদকে অকথ্য ভাষায় বকাবকি এবং খুঁজতে থাকেন। তাদের হাতে শর্টগান, বন্দুক ও লোহার পাইপ ছিল। আমার পরনে লুঙ্গি থাকায় শ্রমিক ভেবে চিনতে পারেনি। এরপর কাউকে না পেয়ে তারা ইটভাটার কার্যালয়ের জানালার গ্লাস, সিসিটিভি ক্যামেরা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ৫ থেকে ৭টা ফাঁকা গুলি করে।”
তার ভাষ্য, “৭ থেকে ৮ জনের মধ্যে তিন থেকে চারজনের মুখ বাঁধা ছিল। অন্যদের মুখ খোলা ছিল, কিন্তু কাউকে চেনা যায়নি। অন্তত ১০ মিনিট তারা ভাটায় থেকে পদ্মা নদীর দিকে চলে যায়। চাঁদার জন্য এসেছিল না কাউকে হত্যা করতে এসেছিল তা বোঝা যায়নি। সবাই আতঙ্কিত ছিলেন।”
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “ফোনে একজন ভাটায় ভাঙচুরের কথা জানিয়েছেন। লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”