সারা বাংলা

হাম উপসর্গে ৪০ দিনে রামেকে ৫০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে মার্চ মাসের ১ তারিখ থেকে এপ্রিলের ৯ তারিখ পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশর বয়স ছয় মাসের নিচে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য জানান। 

ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‍“বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত নতুন করে চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।”

তিনি জানান, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২৪ জন। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৭৯ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৫০ শিশুর মৃত্যু হয়েছে।

ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, “মার্চ মাসের ১ তারিখ থেকে এপ্রিলের ৯ তারিখ পর্যন্ত এই মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন মৃত্যু বাড়ছে। যারা মারা যাচ্ছেন তাদের অধিকাংশের বয়স ৬ মাসের নিচে। এক বছরের শিশু মৃত্যুর হার কম।”