নড়াইলের সদর উপজেলায় এক মায়ের বিরুদ্ধে নিজের তিন মাস বয়সী সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুর নাম তাবাসুম। আটক মায়ের নাম আরিফা খাতুন। তিনি আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে।
পুলিশ সূত্র জানায়, আরিফা খাতুনকে একই উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর থেকে আরিফা খাতুন শ্বশুর বাড়িতেই থাকতেন। প্রায় ১ মাস আগে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে নিজের তিন মাস বয়সী সন্তান তাবাসুমকে হত্যা করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, “বুধবার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায়, আজ ওরা (আরিফা ও তাবাসুম) বাড়িতে যাবে। আজ সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায়, আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে ভাতিজির গলার দুই পাশে দাগ দেখতে পাই।”
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা কে আটক করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”