সারা বাংলা

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, পুনর্বহালের দাবি

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ শ্রমিক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে গত ১৯ মার্চ ৫৪৮ জন শ্রমিক ছাঁটাই করা হয়, যা এলাকায় ব্যাপক শ্রম অসন্তোষ সৃষ্টি করে। পরবর্তীতে ৫ এপ্রিল শিল্প পুলিশ ঢাকা-১ এর উদ্যোগে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং ৬ এপ্রিল কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে শ্রমিকদের দাবি, কারখানা খুলে দেওয়ার পর কাজে যোগদান করতে গেলে পুনরায় কিছু শ্রমিককে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য দেন বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া শাখার সভাপতি মাসুদ রানা সুলতান। এ ছাড়াও বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আশিক সরকারসহ ভুক্তভোগী শ্রমিকরা।

ভুক্তভোগী শ্রমিকদের মধ্যে কাকুলি আক্তার, তাজলিমা আক্তার, জাকিরুল ইসলাম, সুমন মিয়া ও চাঁন মিয়া অভিযোগ করেন, কারখানার কিছু ব্যবস্থাপনা কর্মকর্তা শ্রমিকদের চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে টাকা দাবি করছেন। এমনকি নারী শ্রমিকদের যৌন হয়রানির অভিযোগও তোলেন তারা। বক্তারা অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে এসব অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা।