ময়মনসিংহের ভালুকায় ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০ টাকা বেশি দামে বিক্রি করায় দুই ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স এনএন এন্টারপ্রাইজের ডিলারকে এক লাখ টাকা এবং মীম এন্টারপ্রাইজের ডিলারকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ময়মনসিংহ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আব্দুস ছালাম জানান, অভিযোগের ভিত্তিতে জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার মেসার্স এনএন এন্টারপ্রাইজ ও মীম এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত ১৭২৮ টাকার ১২ কেজির প্রতি এলপিজি সিলিন্ডার ২২২ টাকা বাড়িয়ে ১৯৫০ টাকা বিক্রি ও বিক্রয় ভাউচার সরবরাহ না করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত সচেতনামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করেন এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
র্যাব ১৪ এর একটি টিম, স্থানীয় উপজেলা জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অভিযানে সহযোগিতা করে।