সারা বাংলা

খুলনায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ভর্তি ২২

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. শামীম নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২২ শিশু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে হাসপাতালের হাম কর্নারে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সন্দেহভাজন হামের রোগী হিসেবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা আরিফের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও হাম কর্নারের ফোকাল পার্সন ডা. হোসেন বলেছেন, “শিশুটি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। সে বুধবার সন্ধ্যায় হামের সন্দেহভাজন রোগী হিসেবে ভর্তি হয়েছিল।”

এদিকে, বৃহস্পিবার নতুন করে আরো ৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাম কর্নারে মোট ২২ জন রোগী ভর্তি ছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, এই প্রথম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হলো। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।