সারা বাংলা

ফুলবাড়ীতে তেল পাম্পের সিরিয়ালে খেলনা মোটরসাইকেল

শনিবার (১১ এপ্রিল) তেল দেওয়া হবে, এ খবর ছড়িয়ে পড়ায় শুক্রবার (১০ এপ্রিল) থেকেই কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বপন ট্রেডার্সের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সিরিয়াল দেখা গেছে। তবে, সেখানে সবার নজর কেড়েছে একটি ব্যতিক্রমী দৃশ্য—তেল সংগ্রহের জন্য বিদ্যুৎচালিত ছোট খেলনা মোটরসাইকেলও রাখা হয়েছে সিরিয়ালে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নুর ইসলাম নামের এক ব্যক্তি ওই খেলনা মোটরসাইকেলটি সিরিয়ালে রেখে যান। 

এ বিষয়ে নুর ইসলাম বলেছেন, “আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল ধরে তেল সংগ্রহের জন্য আপাতত বাচ্চাদের চার্জার মোটরসাইকেলটি রেখেছি। পরে সেটি পরিবর্তন করে আমার আসল মোটরসাইকেলে তেল নেবো।”

তেল সংগ্রহের জন্য এমন অভিনব কৌশল গ্রহণের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকে এর সমালোচনা করছেন।