খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় একজন ও কুষ্টিয়ায় একজন। একইসময়ে নতুন করে ৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল বিকেল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫২ শিশু। ৫১ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে ৯ জন।
সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫০ শিশু।
যশোরে ৯২, খুলনায় ৭৮, বাগেরহাটে ৩০, চুয়াডাঙ্গায় ১২, ঝিনাইদহে ৩৩, মাগুরায় ৫২, মেহেরপুরে ৩০, নড়াইলে ২৩ এবং সাতক্ষীরায় ৫২ জন শিশু চিকিৎসাধীন আছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬২ শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় ১৯, সাতক্ষীরায় ২, খুলনায় ৬, যশোরে ১৬, বাগেরহাটে ১, ঝিনাইদহে ৩, মাগুরায় ৭ ও নড়াইলে ২ শিশু ভর্তি হয়েছে।