সারা বাংলা

নড়াইলে ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে কালিয়া থানা পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে কালিয়ার নওয়াগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া থানার এসআই অব্দুল্লাহ আর মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- নওয়াগ্রাম এলাকার পাভেল শেখ তার বাড়িতে দুটি ব্যারেলে ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন বেশি দামে বিক্রি করার জন্য অবৈধ মজুদ করেছে। 

শুক্রবার রাতে বিষয়টি থানার ওসি ও উপজেলা প্রশাসনকে জানানো হলে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত ৪০০ লিটার জ্বালানি তেল স্থানীয় পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, বিক্রয় করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।