সারা বাংলা

‘কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গী দেখা হবে না’

কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গী দেখা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

তিনি বলেছেন, ১৪ এপ্রিল দেশের অন্য এলাকার মত পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। কিন্ত আমি নিজেও জানিনা কারা এই কার্ড পাবেন। আমাদের কৃষি মন্ত্রণালয়, ইউএনও সাহেব তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কে কে কোন ক্যাটাগরি এই কার্ড পেতে পারেন।”

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গ দেখা হবে না, কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাকেই প্রদান করা হবে। এইভাবে বাংলাদেশের চার কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড এরইমধ্যে উদ্বোধন হয়েছে, দুই-আড়াই মাসের মধ্যে আমার সারা বাংলাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড উদ্বোধন করব বলে আশা করছি।”

এ সময় তিনি বলেন, “কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি যখন কোনো দল বুঝে নাই, কোনো ধর্ম বুঝে নাই, আমি আশা করব, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের যে ত্রাণ সহায়তা করছি সেখানেও কোনো দলীয় দৃষ্টিভঙ্গ থেকে কাউকে বিচার করা হচ্ছে না। যারা পাওয়ার যোগ্য, যারা ক্ষতিগ্রস্ত- সেই মানুষটাই যেন আমাদের এই সামগ্রীটা পেয়ে উপকৃত হতে পারে।” 

এদিন, প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। একইসঙ্গে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ দুই হাজার টাকা ও এক প্যাকেট শুকনো খাবার, ১৩০ পরিবারের সদস্যদের হাতে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।