সারা বাংলা

৮ লাখ টাকার জ্বালানি তেল জব্দ, আটক ৪

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকার জ্বালানি তেলসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) হাতিয়া উপজেলার নলচিরা ঘাট- সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হাতিয়ার নলচিরা ইউনিয়নের মৃত মোশারেফ হোসেনের ছেলে মো. মিলন (২২), একই এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), মো. কামরুলের ছেলে মো.স্বপন (২২) ও মো.সাব্বিরের ছেলে মো. ফয়েল (১৯)।  

কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের স্টেশন হাতিয়ার একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা দামের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান চলাকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ চারজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, জব্দ করা জ্বালানি তেল ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধ ও দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।