সারা বাংলা

খুলনায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন চান মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে হাসপাতালে হামের আইসোলেশন ওয়ার্ডে শিশুটি মারা যায়। এর আগে, বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

চান মিয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা গোলাম রসুলের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন বলেন, “খুবই অপুষ্টিতে ভোগা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। দুই বছর বয়সে তাকে অনেকগুলো টিকা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো টিকাই দেওয়া হয়নি। হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হলেও দুপুর ২টার দিকে শিশুটি মারা যায়।”