সারা বাংলা

খোকসায় বাজারে প্রকাশ্যে তরুণকে গুলি

কুষ্টিয়ার খোকসায় বাজারের মধ্যে প্রকাশ্যে এক তরুণকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রিয়াজ (২২) হিজলাবট গ্রামের জাহিদ হোসেনের ছেলে। এ সময় দুর্বৃত্তরা দেবিনগর গ্রামের ময়েন আলীর ছেলে আশরাফুলকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

রিয়াজের ফুফাতো ভাই রুহুল আমিন বলেন, “দুপুরে হিজলাবট বাজারের একটি ফার্নিচারের দোকানে রিয়াজ ও আশরাফুল কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর আক্রমণ চালায়। রিয়াজ তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুক্তাদির হাসান বলেন, “গুলিবিদ্ধ রিয়াজের অবস্থা আশঙ্কাজনক। পেটের সামনের দিকে চামড়ার নিচে গুলিটি আটকে রয়েছে। গুলিটির অবস্থান নির্ণয় করাসহ উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া রেফার করা হয়েছে।”

খোকসা থানার ওসি মোশারফ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”