হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সৃষ্ট বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌশতপুর গ্রামের বাসিন্দা আহমদ আলী ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি এবং মোলদ হোসেন প্রগতি লাইফ ইনস্যুরেন্সে কর্মরত। গ্রাহক বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। তা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া জানান, দুই বীমা কোম্পানির গ্রাহক সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।