সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে ১০ শিশু হাম উপসর্গে হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৯৭ জনের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল দুপুর পর্যন্ত জেলায় মোট তিনজনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত হাম উপসর্গে ২৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। স্বস্তির বিষয় হলো- এখন পর্যন্ত এই রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান বলেন, “জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আমরা টিকাদান কার্যক্রম আরো জোরদার করেছি। বিশেষ করে যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।