সারা বাংলা

বৈসাবিতে উৎসবমুখর খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে ঘিরে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এ উৎসবে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠেছে।

ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব ‘হারিবৈসু’র মধ্য দিয়ে শুরু হয়েছে। সকালে জেলা সদরের পল্টনজয় পাড়া এলাকায় চেঙ্গী নদীতে গঙ্গা মায়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় ‘হারি বৈসু’ বা ফুল পূজা।

এ সময় বিভিন্ন বয়সী ত্রিপুরা নারী-পুরুষ ফুল নিবেদন করে মঙ্গল কামনা করেন। শিশু-কিশোরীরা নতুন বুননের রিনা-রিসা পানিতে ভাসিয়ে উৎসবে অংশ নেয়।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার সহধর্মিনী ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জানাত বিথী। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং ত্রিপুরা সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে মাতাইপুকুরিতেও মানত পূরণে ভিড় করেন অসংখ্য ত্রিপুরা নারী-পুরুষ।

অন্যদিকে চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব বিঝুর মূল পর্বে ঘরে ঘরে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে চলছে উদযাপন। আত্মীয়-স্বজন ও অতিথিদের পরিবেশন করা হচ্ছে ঐতিহ্যবাহী নানা খাবার, বিশেষ করে বিভিন্ন শাক-সবজি দিয়ে তৈরি ‘পাজন’, যা বিঝুর অন্যতম আকর্ষণ।

এদিকে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসব উপলক্ষে মারমা সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।