সারা বাংলা

কাপ্তাই বিএফআইডিসি মডেল বিদ্যালয়ে চুরি 

রাঙামাটির কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। রবিবার (১২ এপ্রিল) মধ্যরাত ২টার দিকে চোরচক্র বিদ্যালয়ের লোহার জানালা ভেঙে সিসি ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক, রাউটার ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। 

সোমবার (১৩ এপ্রিল) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‍“বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে বিদ্যালয়ে বন্ধ ছিল। সোমবার আমি বিদ্যালয় আসি। চাবি খুলে দেখি, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের কক্ষে  কোকারিজ ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। পরে দেখি, অন্যান্য জিনিসপত্র নেই। এরপর সব শিক্ষকদের খবর দেই।”

তিনি আরো বলেন, “বিদ্যালয় থেকে সরকারি মালামাল চুরির বিষয়টি শিক্ষা অফিসারসহ সবাইকে অবগত করেছি। কাপ্তাই থানাকেও জানানো হয়েছে।” 

সহকারী শিক্ষক ইসলাম হোসেন বলেন, “আমরা পঞ্চম শ্রেণির বৃত্তি শিক্ষার্থীদের কোচিং করতে এসে দেখি স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।” 

নতুন স্কুল ভবন নির্মাণের ঠিকাদারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী নাসিম বলেন, “কাজ করতে এসে দেখি, নতুন ভবনের বাথরুমের কল সেটিংসসহ বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে চোরচক্র।”

কাপ্তাই  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, “আমি বিষয়টা জেনেছি এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।” 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে, পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।